নদীর মাটি কাটার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৯
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন। ছবি : বাংলাদেশের খবর
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, গোমতী নদীর এক টুকরো মাটিও অবৈধভাবে কাটতে দেওয়া হবে না।
নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণকে দেশের ভবিষ্যৎ সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, নদীর মাটি কাটার বিরুদ্ধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত থাকবে। কঠোরভাবে সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুমিল্লায় সফর উপলক্ষে সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন।
প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, নদী, পরিবেশ ও জনজীবনের নিরাপত্তার জন্য নদীর অবকাঠামো, তীর ও চরের মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মাটি অবৈধভাবে কাটার ফলে নদীর তীর ক্ষয়, বাঁধের ক্ষতি এবং আশপাশের কৃষিজমির উৎপাদন হ্রাসসহ পরিবেশগত ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। এতে স্থানীয় জনপদের বসতভিটা ও অবকাঠামোও ঝুঁকির মুখে পড়ে।
আমিনুর রশিদ বলেন, সরকার ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারির নির্দেশনা দিয়েছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রভাবশালী মহল বা সিন্ডিকেটের কাছে সরকার নতি স্বীকার করবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি

