তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৮
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে তিনি টেলিফোনে কথা বলেছেন।
তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করায় বাংলাদেশের জনগণের প্রশংসা করেন। আনোয়ার ইব্রাহিম বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর স্তরে উন্নীত ও শক্তিশালী করতে মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।
আলাপকালে তিনি সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ জানান। একইসঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
এমবি

