যেদিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে। এ অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। সংসদের প্রথম অধিবেশন আগামী মাসের ১২ মার্চ অথবা তার এক–দুই দিন আগে বসতে পারে। এ অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
তিনি আরও বলেন, এ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পাশাপাশি শোকপ্রস্তাবও আনা হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের সার্বিক প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণ এবং অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হচ্ছে।
এএস/

