Logo

জাতীয়

ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি : ইশরাক হোসেন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৯

ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি : ইশরাক হোসেন

ছবি: সংগৃহীত

ঢাকা-৬ আসনের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ এবং যানজট নিরসনে কঠোর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি তিনি মাদক নির্মূলেও জোরালো অভিযান চালানোর তাগিদ দিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা, অবৈধ দখল উচ্ছেদ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বিশেষভাবে ফুটপাত দখলমুক্ত রেখে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের বিষয়টি আলোচনায় আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বিত কার্যক্রম চালুর ওপরও জোর দেওয়া হয়।

সভায় লালবাগ ও ওয়ারী বিভাগের ডিসি ও ট্রাফিক ডিসি, কোতোয়ালি, সূত্রাপুর ও গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে হলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।” তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিয়মিত সমন্বয় বৈঠকের মাধ্যমে কার্যক্রম মনিটরিংয়ের নির্দেশ দেন।

ঢাকা-৬ আসনকে একটি নিরাপদ, বাসযোগ্য ও নাগরিকবান্ধব এলাকায় রূপান্তর করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ইশরাক হোসেন।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর