বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় অবস্থানে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় শীর্ষে থাকা লাহোরের দূষণ স্কোর ৩৯০। অর্থাৎ শহরটির বাতাস ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় সাধারণ মানুষের পাশাপাশি সংবেদনশীল গোষ্ঠীর জন্যও স্বাস্থ্যঝুঁকি মারাত্মক হতে পারে।
দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ২৫০, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ মানে দীর্ঘ সময় বাইরে অবস্থান করলে শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া ও অন্যান্য স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।
তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির দূষণ স্কোর ২১৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান সূচক (AQI) শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা সহনীয়।
১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’। ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
এমবি

