হাজারীবাগে গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : মুস্তাঈন বিল্লাহ
রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে রায়েরবাজারের জাহানারা ভিলার ৬ তলার নিচতলার একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে ভোর সাড়ে ৫টার দিকে তাদের উদ্ধার করে গুরুতর দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন- শেখ নোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের তিন বছর বয়সী ছেলে রোহান (৩) এবং শেখ নোমানের শ্যালক অপু (২৩)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. মামুন জানান, বাসায় গ্যাসের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, হাজারীবাগের রায়েরবাজার থেকে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়ে এসেছেন। শেখ নোমান ৭০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ দগ্ধ, ছেলে রোহান ৩৫ শতাংশ দগ্ধ এবং তার শ্যালক অপু ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন।
ডিআর/এমবি

