শিগগির ‘কৃষি কার্ড’ বিতরণ শুরু হবে : তথ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫২
দেশের কৃষকদের নানা সুবিধার আওতায় আনতে শিগগির ‘ফ্যামিলি কার্ড’-এর মতো ‘কৃষি কার্ড’ বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষক কার্ড নিয়ে বৈঠকের পর তিনি এ কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তথ্যমন্ত্রী বলেন, মূলত আমাদের কৃষকদের একটা স্মার্ট কার্ড দেওয়া এবং স্মার্ট কার্ড দেওয়ার ক্ষেত্রে একটি ফ্যামিলি কার্ড নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগের সিদ্ধান্ত। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্টে শুরু করতে যাচ্ছি।
ঈদের আগে কি কৃষক কার্ড বিতরণ শুরু হবে? সাংবাদিকের এমন প্রশ্নে জহির উদ্দিন স্বপন বলেন, সময়টা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ, সময়ের সঙ্গে তো প্রস্তুতির অনেক বিষয় জড়িত। তবে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়।
এ কার্ড পেলে একজন কৃষক কী সুবিধা পাবেন? এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। যেমন ধরেন, তার জন্য কৃষি জ্ঞান, কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা। তাকে সার, কীটনাশক, বীজ, সব কৃষি উপকরণ- যেকোনো ধরনের সহযোগিতা তাকে করা।
তিনি আরও বলেন, সবচাইতে বড় কথা হচ্ছে, এই কার্ডের মাধ্যমে খুব একটা স্মার্ট পদ্ধতিতে বাজারের পরিস্থিতি, উৎপাদনের পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি- সবটাই কিন্তু তখন একটা ধারণার মধ্যে আসবে। যে ধারণার ওপরে ভর করে আমরা একটা সঠিক পরিকল্পনা করতে পারবো।
এমবি

