মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত ১টায় অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় তিন লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এমপি/এইচকে

