Logo

জাতীয়

সাবেক উপদেষ্টারা কে কোথায়?

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৭

সাবেক উপদেষ্টারা কে কোথায়?

ছবি: সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেষ হয়েছে। নবনির্বাচিত সরকারের শপথের মধ্য দিয়ে আঠারো মাসের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হয় উপদেষ্টা পরিষদের। দায়িত্ব হস্তান্তরের পর তাঁরা এখন কে কোথায় আছেন—তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে।

দায়িত্ব শেষ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ফিরে গেছেন গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে। নোবেলজয়ী এই অধ্যাপক সামাজিক ব্যবসার ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সেন্টারটিকে আন্তর্জাতিক থিঙ্কট্যাংক ও রিসোর্স হাব হিসেবে পরিচালনা করছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের Illinois State University–তে অধ্যাপনা করে আসছেন। দায়িত্ব শেষে আবারও পূর্বের কর্মস্থলে ফিরে গিয়ে একাডেমিক কার্যক্রমে যোগ দেবেন বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের সময় আলোচিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দায়িত্ব শেষে নতুন ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’–এর সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন। একই পত্রিকায় উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে সাংবাদিকতায় ফিরে নির্বাহী সম্পাদক হয়েছেন আজাদ মজুমদার।

প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ গত ১৪ ফেব্রুয়ারি জার্মানিতে গেছেন। দেশের জন্য কাজ করতে এসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করে তিনি নতুন চাকরির সন্ধানের কথা জানিয়েছেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্ব শেষে দেশে অবস্থান করছেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কিছু জানাননি।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বর্তমান অবস্থান সম্পর্কেও তথ্য পাওয়া যায়নি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দায়িত্ব শেষে নিজ ব্যবসায়িক কর্মকাণ্ডে ফিরেছেন।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব শেষে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)–র প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল দায়িত্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপনায় ফিরে গেছেন।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ এবং নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন দেশে অবস্থান করলেও তাঁদের বর্তমান কর্মজীবন সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন দেশে অবস্থান করছেন, তবে তাঁর বর্তমান কর্মপরিকল্পনা সম্পর্কে কিছু জানা যায়নি।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম গত বছরের ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। বর্তমানে তিনি ঢাকা–১১ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তাঁর স্থলাভিষিক্ত মাহফুজ আলম গত ১০ ডিসেম্বর দায়িত্ব ছাড়েন; তিনি ঢাকায় অবস্থান করছেন, তবে নতুন কোনো কাজে যোগ দিয়েছেন কি না জানা যায়নি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত ১০ ডিসেম্বর পদত্যাগ করেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে কাজ করছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দেশে আছেন; বর্তমান কর্মজীবন সম্পর্কে তথ্য নেই। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ঢাকায় অবস্থান করছেন, তাঁর বর্তমান কর্মপরিকল্পনা জানা যায়নি।

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের বর্তমান অবস্থান সম্পর্কেও তথ্য পাওয়া যায়নি।

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী দায়িত্ব শেষে সিঙ্গাপুরে গেছেন। তাঁর বর্তমান কর্মজীবন সম্পর্কেও কিছু জানা যায়নি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দেশে অবস্থান করছেন; বর্তমান কর্মজীবন সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ সুফিউর রহমান, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়ের বর্তমান অবস্থান ও কর্মজীবন সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর