প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৩
ছবি: সংগৃহীত
ছেলে অপহরণের খবর শুনে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে ঢুকে পড়েন প্রধানমন্ত্রীর দপ্তরে। সামনাসামনি প্রধানমন্ত্রীকে পেয়ে বিষয়টি জানান। খবরটি শুনেই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ফোন করে দ্রুত ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর এক ঘণ্টার মধ্যেই খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে স্কুলছাত্রকে উদ্ধার করে পুলিশ।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল–এর নবম শ্রেণির শিক্ষার্থী। বেলা আড়াইটার দিকে স্কুল ছুটির পর ৪–৫ জন তাকে আটকে জোড়পুকুর এলাকায় একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। পরে তার বাবার নম্বর নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।
শিক্ষার্থীর বাবা সচিবালয়ে কর্মরত। ছেলের অপহরণের খবর পেয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বিষয়টি জানান। এরপর প্রধানমন্ত্রী পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ডিসি মাসুদ আলম বলেন, অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন করেছিল, সেই নম্বরে ‘টাকা পাঠানোর’ আশ্বাস দিয়ে যোগাযোগ শুরু করে পুলিশ। কোন নম্বরে টাকা পাঠাতে হবে জানতে চাইলে তারা প্রথমে সময়ক্ষেপণ করে এবং দর-কষাকষির চেষ্টা করে। একপর্যায়ে প্রযুক্তিগত সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে ওই ভবনে অভিযান চালিয়ে ছেলেটিকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
এএস/

