Logo

জাতীয়

ঈদ উপলক্ষে সব আন্তঃনগর ট্রেনের ছুটি বাতিল, স্পেশাল ট্রেন চলবে ৫ জোড়া

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯

ঈদ উপলক্ষে সব আন্তঃনগর ট্রেনের ছুটি বাতিল, স্পেশাল ট্রেন চলবে ৫ জোড়া

আসন্ন ঈদযাত্রা উপলক্ষে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (ডে-অফ) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর রাখা হবে। নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে। সময়ানুবর্তিতা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকির মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে। 

গত ২২ ফেব্রুয়ারি রেলভবনস্থ সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন

বরাবরের মতো এবাবের আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। 

এছাড়া এবারের ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ মার্চ, চলবে ৯ মার্চ পর্যন্ত। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ। অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

গত ২২ ফেব্রুয়ারি রেলভবনের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা ও যাত্রীসেবা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে। এর মধ্যে আছে— চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা ঈদ স্পেশাল।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল। ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল। 

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল। ঈদের পর এসব ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তন এনে ফিরতি যাত্রাও পরিচালনা করা হবে।

অগ্রিম টিকিট বিক্রির সূচি

আগামী ৩ মার্চ থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ১৩ থেকে ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছুটির খবর ট্রেন চলাচল বাংলাদেশ রেলওয়ে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর