Logo

জাতীয়

৯ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাতিল করল ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১০

৯ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাতিল করল ইসি

নির্বাচন কমিশনের লোগো/ ছবি: সংগৃহীত

বগুড়া–৬ ও শেরপুর–৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে ইসি অফিসসমূহে কর্মরত কর্মকর্তাদের সাপ্তাহিক ছুটি বাতিলসহ অফিস সময়ের পরও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিশেষ প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

নির্দেশনাটি শুধু সচিবালয়ের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নয়; সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের গাড়িচালক এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এ ছাড়া ইসি সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরে থাকা নিরাপত্তা ও প্রটোকল কাজে নিয়োজিত বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত ইসির নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে শেরপুর–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়। তখন নির্বাচন কমিশন জানায়, শেরপুর–৩ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করা হবে।

অন্যদিকে বগুড়া–৬ আসনটি শূন্য হয়, কারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা–১৭ ও বগুড়া–৬ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি বগুড়া–৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা–১৭ আসনে শপথ নেন।

সংবিধান অনুযায়ী কোনো জাতীয় সংসদ আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন বাধ্যতামূলক। এ প্রেক্ষাপটেই বগুড়া–৬ ও শেরপুর–৩ আসনের উপনির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর