রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : প্রধানমন্ত্রীর কার্যালয়
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জাতীয় জীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি সংগীত ব্যান্ড দলকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা তুলে দেন তিনি।
জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ১০টা ৫৩ মিনিটের দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। এরপর তিনি পদকপ্রাপ্ত ব্যক্তি ও তাদের প্রতিনিধিদের হাতে একুশে পদক তুলে দেন।
এ বছর নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যারা একুশে পদক পেয়েছেন তারা হলেন— চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া দেশের সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’ এবার একুশে পদকে ভূষিত হয়েছে।
প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর পক্ষে মরণোত্তর এই পদক প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করেন তার স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা। অন্যদিকে, ব্যান্ড দল ওয়ারফেজের পক্ষে পুরস্কার নেন দলনেতা শেখ মনিরুল আলম।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের নাম ও তাদের অসামান্য অবদানের কথা পাঠ করে শোনান এবং পদক প্রদান পর্বটি সঞ্চালনা করেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
এমএইচএস

