ভোটার দিবসে ইসির সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫
আগামী ২ মার্চ (সোমবার) সারাদেশে পালিত হতে যাচ্ছে ‘৮ম জাতীয় ভোটার দিবস’। এ দিনটিকে বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে ঢাকায় কর্মরত নির্বাচন কমিশনের (ইসি) সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, দিবসের শুভ উদ্বোধন সকাল ৯টায় নির্বাচন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে করা হবে। এরপর একটি র্যালি ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে।
প্রতিবছর এ দিনটি পালন করা হয় ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য এবং তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করতে উৎসাহিত করার উদ্দেশ্যে। এবারের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের সচিবালয়, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, সচিবালয়ের অধীনে পরিচালিত সকল প্রকল্প, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং ঢাকা মেট্রোপলিটনের সকল থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৯টার মধ্যে নির্ধারিত স্থানে সমবেত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং কোনো প্রকার ব্যত্যয় ছাড়াই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে।
এসআইবি/এমবি

