একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৫
অমর একুশে বইমেলা-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বইমেলা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মেলা উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী নীতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।
একুশে বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন খোলা থাকবে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। তবে রাত ৮টা ৩০ মিনিটের পর নতুন করে কেউ প্রবেশ করতে পারবে না।
এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানের জন্য মোট ১ হাজার ১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর প্রতিষ্ঠান ছিল ৭০৮টি এবং ইউনিট ১ হাজার ৮৪টি।
ডিআর/এমবি

