পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে নতুন দায়িত্ব দিল সরকার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০২
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান/ ছবি: সংগৃহীত
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে। চার দশক পর আবারও দেশের জন্য এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক মঞ্চের নেতৃত্ব পাওয়ার লক্ষ্যে নতুন উদ্যমে এগোচ্ছে দেশ।
আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে এ পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ সাইপ্রাস। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার প্রথমে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল। তবে তিনি বর্তমানে দায়িত্বে না থাকায় তাঁর পরিবর্তে ড. খলিলুর রহমানকে প্রার্থী করা হয়েছে।
এর আগে ফিলিস্তিনও ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিল। বাংলাদেশ ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে আসন ছেড়ে দিতে পারে—এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
প্রতিষ্ঠিত আঞ্চলিক রোটেশন নীতিমালা অনুযায়ী এবার সভাপতি নির্বাচিত হবেন এশিয়া-প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে। আগামী সেপ্টেম্বরের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৬ সালের মে মাসে বর্তমান ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক প্রার্থীদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় সভা আয়োজন করবেন।
বাংলাদেশ সর্বশেষ ১৯৮৬–৮৭ মেয়াদে এ মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছিল। সে সময় ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। প্রায় চার দশক পর আবারও বাংলাদেশের জন্য এ পদে প্রতিনিধিত্বের আশা জাগছে।

