বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি। আর পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সোমবার (২ মার্চ) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে এসব তথ্য জানা যায়।
তালিকার শীর্ষে থাকা লাহোরের দূষণ স্কোর ২৯০, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির স্কোর ১৯০, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এরপর ভারতের কলকাতা শহরের অবস্থান, যেখানে দূষণ স্কোর ১৮৪— এটিও অস্বাস্থ্যকর মাত্রায়। চতুর্থ স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। পঞ্চম অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ১৭৪, যা অস্বাস্থ্যকর পর্যায় নির্দেশ করে।
একিউআই মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা সহনীয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’; ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এমবি

