শিক্ষামন্ত্রী
পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৮:০১
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে করার লক্ষ্যে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষাকেন্দ্রের টয়লেটে যদি নকল পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে এর জন্য দায় নিতে হবে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মেধাভিত্তিক জাতি গঠনে পরীক্ষার সিস্টেমে পরিবর্তন আনা হবে। ‘অটোপাস’-এর আর কোনো সুযোগ দেওয়া হবে না।
এ সময় মন্ত্রী পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি ঘোষণা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথ ‘বডি সার্চ’ নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ড. এহছানুল হক মিলন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও যদি নকল পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে এর জন্য দায় নিতে হবে।’
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র সংক্রান্ত কোনো গুজব বা কনটেন্ট ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
পরীক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা বন্ধ করতে হবে। প্রকৃত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল নির্ধারিত হবে।
এমবি

