শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় আনসার-ভিডিপিকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১৪:৩৪
দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সাক্ষাৎকাল প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি সদস্যদের দেশপ্রেম এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের যেকোনো সংকটে এই বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে আসছেন। জনগণের জানমালের নিরাপত্তায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে জানান, সরকার প্রধান আনসার বাহিনীকে জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই বাহিনীকে আরও সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
সাক্ষাৎকালে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বাহিনীর বর্তমান অবস্থা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি আশ্বস্ত করেন যে, বাহিনীর প্রতিটি সদস্য দেশের প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগে সদা প্রস্তুত রয়েছে।
সাক্ষাৎ শেষে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাহিনীর আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

