Logo

জাতীয়

ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭, আহত ১১৯৭

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৬:৩১

ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭, আহত ১১৯৭

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ফেব্রুয়ারি মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জনের প্রাণহানি হয়েছে। একইসময়ে ১ হাজার ১৯৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনাই সবচেয়ে বেশি।

শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত দুর্ঘটনার খবর পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারির ২৮ দিনে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত এবং এক হাজার ১৮১ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু এবং ১১ জন আহত হয়েছেন। এছাড়া নৌপথে ছয়টি দুর্ঘটনায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

দুর্ঘটনার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১১৩টি সড়ক দুর্ঘটনায় ১১৫ জন নিহত এবং ৩৮৭ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। এ বিভাগে ২২টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনার কবলে সবচেয়ে বেশি পড়েছে মোটরসাইকেল। মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭০ শতাংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট। ফেব্রুয়ারিতে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত এবং ১৩৭ জন আহত হয়েছেন। নিহতের ৩৭ দশমিক ৩৬ শতাংশ এবং আহতের ১১ দশমিক ৬০ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার।

এছাড়া মোট সড়ক দুর্ঘটনার ৪২ দশমিক ৬৩ শতাংশই ঘটেছে দেশের জাতীয় মহাসড়কগুলোতে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর