Logo

জাতীয়

সংসদে লিখিত বক্তব্য না দিতে পরামর্শ স্পিকারের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ২২:১৭

সংসদে লিখিত বক্তব্য না দিতে পরামর্শ স্পিকারের

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ/ ফাইল ছবি

সংসদের বৈঠকে লিখিত বক্তব্য দেওয়া অনুমোদিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার সংসদের বৈঠকে একাধিক সংসদ সদস্যকে এ বিষয়ে পরামর্শ দিয়ে তিনি বলেন, না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করতে হবে।

প্রথমবারের মতো সংসদে আসা জামায়াতের সদস্য মাসুদ সাঈদী ও ইসলামী আন্দোলনের সদস্য অলি উল্লাহর উদ্দেশে স্পিকার এ মন্তব্য করেন। ভোলা–৩ আসন থেকে নির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে সদস্যদের কার্যপ্রণালি বিধিও স্মরণ করিয়ে দেন। কার্যপ্রণালি বিধি অনুযায়ী স্পিকারের অনুমতি ছাড়া লিখিত বক্তব্য পাঠের সুযোগ নেই।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সপ্তমবারের মতো সংসদে এলেও বর্তমান সংসদের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ ৭৬ শতাংশই প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন।

এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে মাসুদ সাঈদী ও অলি উল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন। জামায়াত নেতা প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদীর উদ্দেশে স্পিকার বলেন, সংসদে দেখে দেখে পড়া অনুমোদিত নয়। আপনি নোট রাখবেন। একবার নোটের দিকে তাকিয়ে তারপর হাউসের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। এটাই আশা করি; এটাই সংসদের রেওয়াজ।

চরমোনাইর পীরের দলের একমাত্র সদস্য অলি উল্লাহকে স্পিকার বলেন, আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে না দেখে বলার অভ্যাস করুন। এটা সংসদের রেওয়াজ, সবারই তা মানা উচিত।

পিরোজপুর–১ আসনের সদস্য মাসুদ সাঈদী তাঁর বক্তব্যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সব শহীদের স্মরণ করেন। তিনি দাবি করেন, তথাকথিত ক্যাঙারু ট্রাইব্যুনালে মিথ্যাচারের মাধ্যমে তাঁর পিতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মীর রক্তস্নাত ত্যাগের বিনিময়ে এই সংসদে তিনি বলার সুযোগ পেয়েছেন।

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে— এমন মন্তব্য করে তিনি বলেন, বিএনপি জুলাই সনদে বিশ্বাসী কি না, গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল কি না এবং জনগণের প্রত্যাশামতো সংবিধান সংস্কার করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে কি না— এসব প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের সমালোচনা করে মাসুদ সাঈদী বলেন, জুলাই আবেগ নয়— কথাটি সত্য। কিন্তু জুলাই আবেগ, একই সঙ্গে বাস্তবতাও। আবেগ বলে জুলাইকে খাটো করে রাখার সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জুলাই আইনও নয়, অধ্যাদেশও নয়। কিন্তু সংবিধানের ১৫২ অনুচ্ছেদে বলা হয়েছে, সব অধ্যাদেশই আইন। এ মন্তব্যটি দায়িত্বশীল হয়নি।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর