Logo

জাতীয়

সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন: প্রজ্ঞাপন জারি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৯:২৭

সংসদে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন: প্রজ্ঞাপন জারি

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে প্রশ্নোত্তর প্রদানসহ সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন করবেন।

শীর্ষ পর্যায়ের দায়িত্ব বণ্টনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অর্থমন্ত্রী, শিল্প ও বাণিজ্যমন্ত্রীদের দায়িত্ব সমন্বয় করবেন প্রয়োজন অনুসারে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বা বিকল্প মন্ত্রী, যেমন—

শিক্ষা ও প্রাথমিক শিক্ষার দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রেলপথ ও সড়ক পরিবহন, নৌপরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি—প্রতিটি বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদন করবেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যদি কোনো মন্ত্রণালয় বা বিভাগের মূল ও বিকল্প দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উভয়ই সংসদে অনুপস্থিত থাকেন, তবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর