আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৩১
এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে গতকাল সোমবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে এবং এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। তবে মামলাগুলোর বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
উল্লেখ্য, মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে সময় তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বেও ছিলেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন এবং ওই কমিটির অধীনে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।
২০০৮ সালে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার তাঁর চাকরির মেয়াদ তিন দফায় বৃদ্ধি করে। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসায় জড়িত হন।
রাজনৈতিক জীবনেও সক্রিয় ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে তিনি ২০১৮ ও ২০২৪ সালে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে জাতীয় পার্টিতে যোগ দিয়ে দলটির নীতিনির্ধারণী পর্ষদের সভাপতিমণ্ডলীর সদস্য হন।

