আহসান হাবীব পলাশ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১২তম মহাপরিচালক হিসেবে অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ দায়িত্বভার গ্রহণ করেছেন।
শনিবার (২৮ মার্চ) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা এ তথ্য জানিয়েছে।
১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন আহসান হাবীব পলাশ। তিনি সারদা পুলিশ একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং কর্মজীবনে এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপি, পিবিআইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।
এছাড়া রাঙ্গামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে কাজ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার।
পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)’ অর্জন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

