Logo

জাতীয়

বন্যাদুর্গত এলাকায় আরও ১২৮ আশ্রয়কেন্দ্র হবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ২১:২০

বন্যাদুর্গত এলাকায় আরও ১২৮ আশ্রয়কেন্দ্র হবে

দেশের বন্যাপ্রবণ এলাকাগুলোতে দুর্যোগ মোকাবিলা জোরদার করতে আরও ১২৮টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে এবং একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে ৯০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার (৫ এপ্রিল) সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, বর্তমানে দেশের ৪৩টি বন্যাপ্রবণ জেলার ২৫৮টি উপজেলায় ৩২০টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি সারাদেশে ১১৫টি দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মিত হয়েছে এবং আরও ১২২টি নির্মাণের কাজ চলমান রয়েছে। দুর্যোগ ঝুঁকি হ্রাসে অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ১২ হাজার ২৪৫টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে আরও ২ হাজার ৩৬টি সেতু ও কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ৬ হাজার ৭৮৮ কিলোমিটার এইচবিবি রাস্তা নির্মাণ করা হয়েছে এবং আরও এক হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে।

তিনি আরও জানান, দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা জোরদারে ১২টি জেলার ৩৫টি উপজেলায় আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি, ফায়ার ফাইটিং সরঞ্জাম, রেডিও সেট, রেসকিউ বোট ও শ্যালো ওয়াটার বোট। ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে এরিয়াল প্ল্যাটফর্ম ল্যাডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছ।

তিনি বলেন, ভবিষ্যতে উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম সংগ্রহ ও বিতরণ অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন