Logo

জাতীয়

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে আজ সোমবার (৬ এপ্রিল)।

২০২৫-২৬ অর্থবছরের নতুন সরকারের একনেকের এ বৈঠক রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নিজেই।

বৈঠকে নদী, অবকাঠামো, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতকে গুরুত্ব দিয়ে মোট ১৭টি প্রকল্প উত্থাপন করা হচ্ছে, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক তালিকায় ১৮টি প্রকল্প থাকলেও শেষ মুহূর্তে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ বাদ দিয়ে ১৭টি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে।

এর মধ্যে নয়টি প্রকল্প একেবারে নতুন। এ ছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরো ৩৩টি প্রকল্প এই বৈঠকে অবহিতকরণের জন্য পেশ করা হবে।

পানিসম্পদ মন্ত্রণালয় পদ্মা ব্যারাজ প্রকল্প প্রস্তাব করেছিল ভারতের ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।

তবে বৈঠকে আলোচনার মধ্যে রয়েছে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা), ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ এবং আটটি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অংশীদারত্বমূলক উন্নয়ন প্রকল্প।

বৈঠকে উপস্থাপনের জন্য চূড়ান্ত ১৭টি প্রকল্পের মধ্যে নদী, পানি, জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে চারটি। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প পাঁচটি, সড়ক নির্মাণ ও উন্নয়ন সংশ্লিষ্ট তিনটি, মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ দুটি, প্রযুক্তি উন্নয়ন বিষয়ক এবং অংশীদারত্বমূলক উন্নয়ন বিষয়ক একটি প্রকল্প উঠতে যাচ্ছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন