ফাইল ছবি
রাজধানীতে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে এ বৃষ্টির পরিমাণ ছিল সাত মিলিমিটার। বৃষ্টির পর সাধারণত রাজধানীর বায়ুমান ভালো হয়।
তবে বুধবার (৮ এপ্রিল) সকালে বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। আজ সকাল ৯টার দিকে ঢাকার বায়ুর মান ছিল ১৫২। বায়ুর এ মানকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
রাজধানীসহ দেশের বায়ুদূষণ কমাতে একের পর প্রকল্প এবং নানা কথা বলা হলেও দূষণ কমছে না। দূষণ কমানোর ‘প্রাকৃতিক উপায়’ হলো এই বৃষ্টি। সাধারণত এপ্রিল বা মে মাসে ঝড়বৃষ্টি বাড়ে, তাতে দূষণ কমে। কিন্তু এখন তাও কমছে না।
আজ বিশ্বের ১২১ নগরীর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে থাইল্যান্ডের চিয়াংমাই। এ নগরীর বায়ুর মান ১৮৪।
আজ বায়ুদূষণে শীর্ষে আছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি। এ এলাকার বায়ুমান ১৭১। এরপর যথাক্রমে আছে বারিধারা পার্ক রোর্ড (১৫৯), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৫২), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৫২)।
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।
ঢাকার বায়ুদূষণ নিয়ে অনেকদিন ধরেই না পরিকল্পনা হচ্ছে। প্রায়ই ঢাকা বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর একটি হয়ে যায়। বায়ুদূষণের প্রধান কারণগুলোর মধ্যে যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানা ও বিদ্যুৎ কেন্দ্রের নির্গত বর্জ্য এবং জীবাশ্ম জ্বালানি (কয়লা, তেল) পোড়ানো অন্যতম। অপরিকল্পিত নগরায়নের কারণেও বায়ুদূষণ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশের খবর/আরইউ

