Logo

জাতীয়

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৫:২৬

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকল্পের ডিপিপি এরই মধ্যে প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। 

সরকার দলীয় এমপি হারুন-অর-রশিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্পটির প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সাল থেকে জুন ২০৩৩ পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে সরকার দলীয় এমপির প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

সরকার দলীয় আরেক এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জুন ২০২৬ পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় এক হাজার ২০৪ কিলোমিটার খাল খনন/পুনর্খনন করবে। দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক জুন ২০২৬ পর্যন্ত কাবিখা, কাবিটা, টিআরের মাধ্যমে ১৫০০ কিলোমিটার খাল পুনর্খনন/সংস্কার হবে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের নেওয়া খাল খনন কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে জুন পর্যন্ত ৩৫৩ কিলোমিটার খাল পুনর্খননের সংস্থান রয়েছে। গত ৩১ মার্চ পর্যন্ত ১২৩ কিলোমিটার খাল পুনর্খনন শেষ হয়েছে। এ বিবেচনায় দৃশ্যমান অগ্রগতি শতকরা ৩৫ ভাগ।

তিনি জানান, আগামী ১৮০ দিনের মধ্যে ২৯২ কিলোমিটার বাঁধ নির্মাণ, ৩১৬ কিলোমিটার নদ-নদীর ড্রেজিং ও ডুবোচর অপসারণ, ৮০০টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ এবং ২৫০ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা কাজ চলমান আছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন