Logo

জাতীয়

প্রশাসন পরিচয়ে অপহরণ-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৭:২৭

অ
প্রশাসন পরিচয়ে অপহরণ-হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪

ছবি : বাংলাদেশের খবর

প্রশাসনের লোক পরিচয়ে ব্যবসায়ী আরিফুর রহমানকে অপহরণ ও হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন - মাদারীপুরের শিবচর কুতুবপুর এলাকার মোহাম্মদ সোলায়মানের ছেলে আশিকুর রহমান (৩৫), ময়মনসিংহের হালুয়াঘাট কুমারগাতী এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাহাত হোসেন তন্ময় (২৫), রংপুর জেলা সদরের গণেশপুর এলাকার মৃত দেলোয়ার হোসেন চৌধুরী ছেলে মো. পরশ চৌধুরী শ্রাবণ, ময়মনসিংহের তারাকান্দা অপচন্দ্রপুর এলাকার এমদাদুল হকের ছেলে মো. এহতেশামুল হক নিশাত (২৫)।

পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, চক্রটি গত ১ জানুয়ারি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ব্যবসায়ী আরিফুর রহমানকে ঢাকা থেকে অপহরণ করে। পরবর্তীতে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে চক্রটি। তবে কাঙ্ক্ষিত মুক্তিপণ না পেয়ে মাইক্রোবাসে হত্যার পর তার মরদেহ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সড়কের পাশে ফেলে দেয়। এ ঘটনায় গত ২ জানুয়ারি নিহতের স্ত্রী তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, এ ঘটনার তদন্ত শুরু করে পিবিআই। পরে শুক্রবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া খেজুবাতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ ও হত্যার দায় স্বীকার করেছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নাজমুস সাকিব/এমবি  

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন