সরকারি দপ্তর এবং সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ৫টি নির্দেশনা দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনাগুলো পাঠানো হয়েছে।
গণপূর্ত মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়সহ সারাদেশে হঠাৎ আগুনের ঘটনা বেড়ে গেছে। এর ফলে দপ্তর-সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।
নির্দেশনাগুলো হলো
১. নিরাপত্তারক্ষীদের টহল বাড়ানো : নিরাপত্তারক্ষীদের দায়িত্বে থাকা অবস্থায় টহল জোরদার করতে হবে। সন্দেহজনক কিছু দেখা দিলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মীদের অবগত করতে হবে।
২. বৈদ্যুতিক সংযোগ বন্ধ করা : অফিস প্রধানদের আবশ্যকভাবে দপ্তরের সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করে অফিস ত্যাগ করতে হবে।
৩. নৈশপ্রহরীদের টহল : নৈশপ্রহরীরা ভবনের মধ্যে ও চারপাশে সার্বক্ষণিক টহলে থাকবেন।
৪. অফিসের নিরাপত্তা : সব অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা যথাযথ ব্যবস্থা নেবেন।
৫. দায়িত্বের গাফিলতি : কোনও কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটলে তা ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যেখানে আগুনের কারণে চারটি তলা পুড়ে যায়। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বৈদ্যুতিক ‘লুজ কানেকশন’ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল।
এনএমএম/এমএইচএস

