Logo

জাতীয়

ঈদ উপলক্ষে হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৮টি জরুরি নির্দেশনা

Icon

স্বাস্থ্য ডেস্ক :

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৯:৪৪

ঈদ উপলক্ষে হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৮টি জরুরি নির্দেশনা

সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে ১৮টি জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এ নির্দেশনাগুলো মঙ্গলবার জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিকালীন সময়ে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে জরুরি বিভাগ, লেবার রুম, ইমার্জেন্সি অপারেশন থিয়েটার, ল্যাব, সিটি স্ক্যান ও এমআরআইসহ গুরুত্বপূর্ণ সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। জরুরি বিভাগে প্রয়োজনের অতিরিক্ত চিকিৎসক পদায়নের মাধ্যমে ২৪ ঘণ্টা চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পর্যাপ্ত জনবল ব্যবস্থাপনার জন্য ঈদের আগে ও পরে সমন্বয়ের মাধ্যমে পালাক্রমে ছুটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের নিরবচ্ছিন্ন জরুরি চিকিৎসাসেবা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ছুটি অনুমোদনের নির্দেশও রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে শিশু ওয়ার্ড ও হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড পরিচালনা করতে হবে।

ঈদের আগে প্রয়োজনীয় ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রিএজেন্ট ও সার্জিক্যাল সামগ্রী পর্যাপ্ত মজুদ রাখার পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে আগাম অবহিত করার কথাও বলা হয়েছে।

নির্দেশনায় অগ্নিনির্বাপণ বিষয়ে সতর্কতা অবলম্বন, ছুটিকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং রোগীদের সেবা নিশ্চিত করতে ব্যবস্থাপনা প্রধানদের সক্রিয় ভূমিকা রাখার কথা উল্লেখ করা হয়েছে।

বহির্বিভাগ (আউটডোর) ৭২ ঘণ্টার বেশি বন্ধ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ২৬ ও ৩০ মে প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টি প্রতিষ্ঠান প্রধানদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা যাবে।

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকেও জরুরি ও প্রসূতি সেবা, হাম ওয়ার্ড সার্বক্ষণিক চালু রাখা, রোগী রেফারের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সুবিধা নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় রেফারাল নিরুৎসাহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া পশুর হাটের নিকটবর্তী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগের তথ্য তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে জানানোর নির্দেশ রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঈদকালীন সময়ে জনস্বাস্থ্য সুরক্ষা ও জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এসব নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন