Logo

জাতীয়

‎জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১২:৫৭

‎জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর ‎হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এই প্রধান ঈদ জামাত শুরু হয়।

‎নির্ধারিত সময়ের আগেই রাষ্ট্র ও সরকারপ্রধান জাতীয় ঈদগাহে এসে পৌঁছান। সরকারি তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৭টা ১৯ মিনিটে এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ৭টা ২৭ মিনিটে ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হন।

‎জাতীয় ঈদগাহের এই প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, দেশের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকেরা অংশ নেন। একই সঙ্গে সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট নাগরিকসহ রাজধানীর সর্বস্তরের সাধারণ মুসল্লিরা এই জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন।

‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রধান এই ঈদ জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ও এর আশপাশের পুরো এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে পল্টন ও হাইকোর্ট মোড় সংলগ্ন সড়কগুলোতে সাধারণ যানবাহন চলাচল ও পার্কিংয়ের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


‎বাংলাদেশের খবর/ এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন