Logo

জাতীয়

‘প্রকৃত দোষীর শাস্তি চাই, হাসপাতাল বন্ধ নয়’- আদ্-দ্বীনে মৃত শিশুর বাবার দাবি

Icon

স্বাস্থ্য ডেস্ক :

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৬:৪৬

‘প্রকৃত দোষীর শাস্তি চাই, হাসপাতাল বন্ধ নয়’- আদ্-দ্বীনে মৃত শিশুর বাবার দাবি

সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন ও স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, নোটিশে লাইসেন্স বাতিলের যে সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে, তা আইনসম্মত নয়।

শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ দাবি তুলে ধরেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত বৃহস্পতিবার জারি করা কারণ দর্শানোর নোটিশের জবাব আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তবে নোটিশে সন্তোষজনক জবাব না পেলে হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না—এ মর্মে যে প্রশ্ন তোলা হয়েছে, তা হাসপাতাল কর্তৃপক্ষের মতে বেআইনি।

তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে শিশির মনির বলেন, নবজাতকদের মৃত্যুর কারণ হিসেবে ওয়ার্ডে অক্সিজেনের স্বল্পতা এবং কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রতিবেদনে অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইডের প্রকৃত মাত্রা কিংবা কোন মাত্রায় এসব গ্যাস শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে—সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও ব্যাখ্যা নেই বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নবজাতক হারানো এক অভিভাবক হাবিবুর রহমান বলেন, “আমরা চাই প্রকৃত দোষীর শাস্তি হোক। কিন্তু হাসপাতাল বন্ধ ঘোষণা আমরা চাই না।” তিনি আরও জানান, এর আগে তার আরও দুই সন্তানের জন্ম একই হাসপাতালে হয়েছে এবং তারা সুস্থ ছিল।

অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা, চাকরির সুযোগ এবং ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দেয়।

এদিকে, নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত কার্যক্রম এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন