Logo

জাতীয়

প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৯:০৩

প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (৭ জুন) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত দরবারে তিনি এ আহ্বান জানান।

দরবারে অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় উপপরিচালক, জেলা কর্মকর্তা এবং বিভিন্ন ফায়ার স্টেশনের কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সকাল ১০টায় মহাপরিচালক দরবারে উপস্থিত হলে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি তাঁর নিকট দরবার হস্তান্তর করেন। পরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

মহাপরিচালক উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে দরবারের কার্যক্রম শুরু করেন। তিনি চাকরি শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখার নির্দেশনা প্রদান করেন।

তিনি আসন্ন নিয়োগ কার্যক্রম গত বছরের মতোই স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নিয়োগসংক্রান্ত বিষয়ে বাহিনীর কোনো সদস্য যেন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। এ-সংক্রান্ত অধিদপ্তরের সব আদেশ-নির্দেশনা বাহিনীর সকল সদস্যের কাছে পৌঁছে দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল স্তরে বদলি কার্যক্রমে যে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে, তা অব্যাহত রাখতে মহাপরিচালক সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তিনি প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের নির্দেশনা দেন। বাহিনীর সুনাম ক্ষুণ্ন হতে পারে- এমন কোনো আইনবহির্ভূত কনটেন্ট প্রচার বা এ ধরনের কর্মকাণ্ডে বাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

এ সময় তিনি বাহিনীর বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কেও উপস্থিত সদস্যদের অবহিত করেন।

বক্তব্য শেষে মহাপরিচালক সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। 

দুপুর ১২টায় দরবারের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন