দক্ষতা বাড়াতে নারী সদস্যদের জাপানি ভাষা প্রশিক্ষণ দেবে আনসার-ভিডিপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ২০:০৫
সংগৃহীত
নারীর দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ২০২৬-২০২৭ অর্থবছরে বাহিনীর নারী সদস্যদের জন্য জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণ (এন-৫) কার্যক্রম চালু করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে নারী সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বিদেশে কর্মসংস্থানের উপযোগিতা অর্জন এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক দক্ষ জনশক্তি গড়ে তুলতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আগামী ৫ জুলাই ২০২৬ থেকে ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত ৯০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। দেশের ১৩টি কেন্দ্রে একযোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে আনসার-ভিডিপি একাডেমি, গাজীপুর; ভোকেশনাল ট্রেনিং সেন্টার (ভিটিসি), নবাবগঞ্জ, ঢাকা; এবং ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার জেলা কমান্ড্যান্ট কার্যালয়।
প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে মোট ৫২০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের এভিএমআইএস (এভিএমআইএস) অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে আবেদন করতে হবে।
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ নারী সদস্যদের জন্য বৈদেশিক কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বৈশ্বিক কর্মক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অগ্রণী ভূমিকার আরও একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশেরখবর/আরকে

