দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কঠোর নির্দেশ অর্থমন্ত্রীর
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৬:৩৯
অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক
ফ্যামিলি কার্ড কর্মসূচি যেন কোনো ধরনের দলীয় প্রভাব বা পক্ষপাতিত্ব ছাড়াই বাস্তবায়িত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন (সংশোধন) গাইডলাইন-২০২৬’ চূড়ান্ত করা হয় এবং ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬’-এর খসড়া পর্যালোচনা শেষে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে আরও আধুনিক, স্বচ্ছ ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনার আওতায় আনা হবে। এজন্য নীতিমালা ও বাস্তবায়ন কাঠামোকে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

