Logo

জাতীয়

সংসদে পাস ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট, ১ জুলাই থেকে কার্যকর

Icon

অর্থনীতি ডেস্ক :

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৯:১২

সংসদে পাস ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট, ১ জুলাই থেকে কার্যকর

সংগৃহীত

জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। নতুন অর্থবছরের এই বাজেট আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত বাজেট পাসের প্রস্তাব উপস্থাপন করেন। পরে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে বাজেটটি অনুমোদন লাভ করে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বাজেট পাসের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয়-সংক্রান্ত ৫৯টি দাবি সংসদে উপস্থাপন করা হয় এবং সেগুলোর ওপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এসব দাবির বিপরীতে সংসদ সদস্যরা মোট ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবগুলোর ওপর আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে সেগুলোর নিষ্পত্তি করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। এরপর সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের অংশগ্রহণে প্রস্তাবিত বাজেটের ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা শেষে বাজেটটি চূড়ান্তভাবে পাস হলো।

এর আগে সোমবার জাতীয় সংসদ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সংযোজন করে অর্থবিল পাস করে। সংশোধিত অর্থবিলে ব্যক্তির করমুক্ত আয়সীমা চার লাখ টাকায় উন্নীত করা হয়েছে। একই সঙ্গে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল করা হয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের করপোরেট কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খুচরা ব্যবসায়ীদের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে।

অর্থবিল পাসের মাধ্যমে কর ও শুল্ক-সংক্রান্ত সব প্রস্তাব চূড়ান্ত হয়েছে। আর জাতীয় বাজেট পাসের মধ্য দিয়ে আগামী অর্থবছরের রাজস্ব আহরণ, সরকারি ব্যয় এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আনুষ্ঠানিক ভিত্তি তৈরি হলো।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন