পুলিশ কেসের রোগীদের বেসরকারি হাসপাতালে চিকিৎসায় আসছে নতুন নির্দেশনা
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৮:২১
সংগৃহীত
সড়ক দুর্ঘটনাসহ যেকোনো ঘটনায় আহত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর যদি কোনো রোগী পুলিশ কেস হিসেবে বিবেচিত হন এবং পরে তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, তাহলে সরকারি হাসপাতালের একজন নিবন্ধিত চিকিৎসকের লিখিত রেফারেল বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি রোগী ভর্তি হওয়ার পর সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে স্থানীয় থানাকে বিষয়টি জানাতে হবে।
মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ-সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করা হচ্ছে এবং আগামী এক থেকে দুই দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।
অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, সরকারি হাসপাতাল থেকে দালালচক্রের মাধ্যমে রোগী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়ে বিভিন্ন নামসর্বস্ব ক্লিনিকে স্থানান্তরের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রেই রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হন। এসব অনিয়ম রোধ এবং বেসরকারি হাসপাতালগুলোর জবাবদিহি ও নজরদারি বাড়ানোর লক্ষ্যেই নতুন এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত রোগীদের অনেক সময় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রয়োজন হয়। সরকারি হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকলে রোগীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করতে হয়। সে ক্ষেত্রে সরকারি হাসপাতালের চিকিৎসককে লিখিতভাবে উল্লেখ করতে হবে যে আইসিইউ শয্যা না থাকায় রোগীকে অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এতে রোগী স্থানান্তর প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে।
ডা. জাহিদ রায়হান বলেন, পুলিশ কেসের রোগীরা বেসরকারি হাসপাতালে ভর্তি হলে সংশ্লিষ্ট থানা অবগত থাকলে রোগীকে অযৌক্তিকভাবে আটকে রাখা বা হয়রানির সুযোগ কমবে। একই সঙ্গে রোগীর স্বার্থ সুরক্ষিত হবে এবং আইনগত তদারকি আরও কার্যকর হবে।
বাংলাদেশেরখবর/আরকে

