Logo

জাতীয়

চট্টগ্রাম রেঞ্জ ও এসএমপিতে নতুন দায়িত্ব

পুলিশের উচ্চপর্যায়ে ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৯:৫৮

পুলিশের উচ্চপর্যায়ে ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

দেশের পুলিশের উচ্চপর্যায়ের ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করেছে সরকার। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ৪ জন ডিআইজি, ৪ জন অতিরিক্ত ডিআইজি এবং ৬ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। এ পদায়নের মাধ্যমে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং ঢাকা পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া, সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং ঢাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে ঢাকা এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদকে র‍্যাবে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে ঢাকা পুলিশ অধিদপ্তরে, পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার পদে এবং ঢাকা এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডিতে বদলি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং ঢাকা পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে, একই প্রজ্ঞাপনে মিয়া মাসুদ করিমের পূর্বে জারিকৃত বদলির আদেশ বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন