Logo

জাতীয়

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‘ল ফার্ম’ নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৯:১৯

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‘ল ফার্ম’ নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ করেছে।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বিষয়টি আজই জেনেছি। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছি। তিনি দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন।

তিনি জানান, কয়েক দিন আগেই সরকার শুধু এই মামলার জন্য একটি ল’ ফার্ম নিয়োগ দিয়েছে। ওই প্রতিষ্ঠানকে বেনজীর আহমেদের জামিন বাতিলের আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা যে তথ্য পেয়েছি, তাতে তাকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে। তবে জামিনের পূর্ণাঙ্গ শর্ত জানতে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত ল’ ফার্মকে জামিন বাতিলের আইনি প্রক্রিয়া এগিয়ে নিতে বলা হয়েছে।

বাংলাদেশ সরকার পরবর্তী পদক্ষেপ কী নেবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আইনগত পথেই এগোচ্ছি। ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, জামিন বাতিল করতে সক্ষম হব এবং দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

এর আগে সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (প্রথম পর্যায়) সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রসঙ্গত, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ছিলেন।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র‌্যাবের সাবেক ও তৎকালীন সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই তালিকায় বেনজীর আহমেদের নামও ছিল।

২০২৪ সালে তাঁর ও পরিবারের বিপুল পরিমাণ সম্পদের তথ্য প্রকাশ্যে আসার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করে। ওই সময় তিনি দেশ ছাড়েন। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের নির্দেশ দেন।

এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী জীশান মীর্জা এবং দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক। মামলাগুলো বর্তমানে বিচারাধীন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন