পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৭:২৮
ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে সরকার ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে এসব সফর প্রধানমন্ত্রীর সময় এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারত সফরের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, সামনে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদের অধিবেশন রয়েছে। দেশের অভ্যন্তরীণ বিভিন্ন কর্মসূচি ও সাংবিধানিক কার্যক্রম নিয়েও সরকার ব্যস্ত। প্রধানমন্ত্রীও এসব কারণে ব্যস্ত সময় পার করছেন।
তিনি বলেন, ‘এর মধ্যেই যদি সবকিছু মেলে, অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব দেশেই সফর হবে। সেটা দেখা যাক।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আবারও বলছি, সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার ইতিবাচক আছে। কিন্তু এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের ওপর এবং দুই দেশের আলোচনার কতটুকু অগ্রগতি হচ্ছে, সেটার ওপর।’
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্রিকস তো অনেক দেরি। এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে।’
এছাড়া বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে শামা ওবায়েদ বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি আলোচনা হলে অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। সেই সুযোগ এখনো রয়েছে।
তিনি বলেন, ‘কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে। ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। সেটাই আমরা আশা করি এবং ভারতও যেন বিষয়টি মনে রাখে, সেটাই আমরা আশা করি।’
তিনি আরও বলেন, ‘জুলাই এখনো মানুষের মনে জাগ্রত আছে। রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সংবেদনশীল হতে হবে।’
শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রী বর্তমানে বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত রয়েছেন। ফলে ভারত সফরসহ অন্য কোনো বিদেশ সফরই এখনো চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, ‘এখনো কোনো সফর চূড়ান্ত হয়নি। বিভিন্ন কাজে প্রধানমন্ত্রী এখন ব্যস্ত আছেন এবং ভারত সফরসহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সঙ্গে আলোচনা করে ফাইনাল হবে।’
বাংলাদেশের খবর/এইচআর

