Logo

জাতীয়

সড়কে ঝরল ১২ প্রাণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ২১:২৬

সড়কে ঝরল ১২ প্রাণ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এর মাঝে কক্সবাজার ও নেত্রকোনায় চারজন করে মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

কক্সবাজারে বাসের ধাক্কায় উড়ে গেল লেগুনার ছাদ, চার যাত্রী নিহত: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা ও একটি এসি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে জসিম উদ্দিন (২৫), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রফিক (২৮), চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ির শিয়াপাড়া এলাকার মৃত মঞ্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭) ও খুটাখালী ইউনিয়নের নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদগাঁও থেকে চকরিয়াগামী নম্বরবিহীন একটি যাত্রীবাহী লেগুনা খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাস সেটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে লেগুনার ছাদ আলাদা হয়ে যায় এবং গাড়িটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় লেগুনায় থাকা ৯ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাটের খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠান। সেখান থেকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে একজন ও কক্সবাজার সদর হাসপাতালে তিনজন মারা যান।

গুরুতর আহত হয়েছেন ঈদগাঁওয়ের নাপিতখালী এলাকার সরোয়ার (১৯) ও তার বাবা সৈয়দ আলম (৫০), খুটাখালীর নতুন অফিস এলাকার জিয়াবুল হক (৪০), মেধাকচ্ছপিয়া এলাকার দেলোয়ার হোসেন (৩৫) ও টেকনাফের কিরনতলী এলাকার সৈয়দ করিম (৩০)। আহত ব্যক্তিদের মধ্যে সরোয়ার, সৈয়দ আলম, জিয়াবুল হক ও দেলোয়ার মালুমঘাটের খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। আর সৈয়দ করিম কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪: নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার বিকেলে পূর্বধলার নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি পিকআপ নেত্রকোনার দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বধলার নারান্দিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে এক নারী ও তিনজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সড়কের ওপর পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের নেত্রকোনা ও ময়মনসিংহের হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত: নওগাঁর পত্নীতলা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শ্যামল তিগ্গা মোটরসাইকেল নিয়ে একটি রাস্তা থেকে মূল সড়কে উঠছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

যশোরে মাদরাসার অফিস সহকারী ও এইচএসসি পরীক্ষার্থী নিহত: যশোরের বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামের এক মাদরাসার অফিস সহকারী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলের অপর আরোহী ও ভ্যানচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। আহত দু’জন হলেন মোটরসাইকেল আরোহী শিক্ষক ফজলু (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ আলী বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে অন্য এক দুর্ঘটনায় কেশবপুরে এইচএসসি পরীক্ষার্থী ইয়াসিন আরাফাত (১৮) পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কেশবপুর শহরের হাসপাতাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আরাফাত উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাঁস্তা গ্রামের পল্লী চিকিৎসক রুস্তম আলীর ছেলে। ইয়াছিন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা গেছেন।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু: নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের চাপায় সূর্য দাস নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মুলিয়া-বাহরিগ্রাম সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য দাস কোড়গ্রামের সুমন দাসের ছেলে।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন