Logo

জাতীয়

কাউকে জুলাইয়ের একক মালিকানা নিতে দেওয়া যাবে না: ববি হাজ্জাজ

Icon

শিক্ষা ডেস্ক :

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৮

কাউকে জুলাইয়ের একক মালিকানা নিতে দেওয়া যাবে না: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়। এটি ছিল বিভিন্ন শ্রেণি-পেশা ও মতের মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা ও অংশগ্রহণের ফসল। তাই কোনো পক্ষকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের একক মালিকানা নেওয়ার সুযোগ দেওয়া যাবে না।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ‘জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয়, প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে শুধু একটি নির্দিষ্ট আন্দোলন হিসেবে দেখলে এর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা যাবে না। বিভিন্ন দাবি, প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে শুরু হওয়া একাধিক আন্দোলন একপর্যায়ে বৃহত্তর গণঅভ্যুত্থানে রূপ নেয়। কেউ চাকরির দাবিতে, কেউ গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে, আবার কেউ অন্যায়ের প্রতিবাদে রাজপথে নেমেছিলেন।

তিনি বলেন, মানুষের দাবি ও অবস্থান ভিন্ন হলেও শেষ পর্যন্ত সবার আকাঙ্ক্ষার একটি অভিন্ন জায়গা তৈরি হয়েছিল- রাষ্ট্র ও সরকারব্যবস্থা জনগণের জন্য পরিচালিত হবে এবং নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিক অর্জনের চেতনাও একসময় রাজনৈতিক মালিকানার মধ্যে চলে গিয়েছিল। এর ফলে একটি মহান জাতীয় অর্জনের চেতনাকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক সম্পত্তি হিসেবে দেখার প্রবণতা তৈরি হয়েছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও যেন একই পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তরুণদের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে নাগরিকের দায়িত্ব শেষ হয় না; বরং সরকার গঠনের পর তাকে জবাবদিহির মধ্যে রাখার দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু দাবি জানালেই হবে না, সরকার ও জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না, সেটিও পর্যবেক্ষণ করতে হবে। কোনো মন্ত্রী, এমপি বা জনপ্রতিনিধি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছেন কি না- সে প্রশ্ন তোলা এবং জবাবদিহি নিশ্চিত করা নাগরিকের দায়িত্ব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বিশেষ অতিথি ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন