Logo

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারে পুরস্কার পাবে পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৬

অ
ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারে পুরস্কার পাবে পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব ব্যক্তিকে গ্রেপ্তারে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬ এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা ফ্যাসিবাদের ও আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবেন, তাদের পুরস্কৃত করা হবে। গত সপ্তাহে এ ধরনের দুজনকে এবং গতকাল আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতদিন যারা আত্মগোপনে ছিল, তারা কোথায় লুকিয়ে ছিল তা খুঁজে বের করতে গোয়েন্দা তথ্য আরও কার্যকরভাবে ব্যবহার করতে হবে। পুলিশের গোয়েন্দা সহায়তাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, এক মাসে দেশের প্রায় ১ হাজার ৪০০ নাগরিক হত্যার শিকার হয়েছেন। একই সঙ্গে গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন হিসাবের কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, যারা এক মাসে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করতে পারে, আকাশ থেকে গুলি করে দেশের নাগরিকদের হত্যা করতে পারে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করে গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত করেছিল, বাংলাদেশের মানুষ তাদের আবার রাজনীতিতে দেখতে চাইবে কি না, সেটি প্রশ্নের বিষয়।

বর্বর হত্যাকাণ্ডের পরও সংশ্লিষ্টরা দুঃখ প্রকাশ, অনুশোচনা কিংবা ক্ষমা প্রার্থনা করেনি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব ব্যক্তিই এখন দেশের বাইরে থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছে।

শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের, শেখ হাসিনাসহ অন্য আসামিদের চুক্তি অনুযায়ী দেশে ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে। তারা স্বেচ্ছায় দেশে ফিরে এলে এবং আইনের মুখোমুখি হলে সেটিই ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন