Logo

জাতীয়

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৯:৩৯

অ
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মোহাম্মদ সজীব (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দেশটিতে সংঘটিত ওই হামলায় তিনি নিহত হন বলে জানা গেছে।

সজীব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। জীবিকার তাগিদে কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। দীর্ঘদিন ধরে দেশটির জুবাইল শহরে কর্মরত ছিলেন।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি আল আমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, রোববারের ক্ষেপণাস্ত্র হামলায় সজীব ঘটনাস্থলেই নিহত হন।

সজীবের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

নিহতের স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে এনে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 

এদিকে সজীবের মৃত্যুর খবর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যেই তার পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দিয়েছে। তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে সৌদি আরবে যান সজীব। তিনি দীর্ঘদিন ধরে দেশটির জুবাইল শহরে কর্মরত ছিলেন। সজীব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।

নিহতের চাচা আবুল কাশেম জানান, সজীবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিকভাবে দাফনের জন্য তারা সরকারের সহযোগিতা চান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, আমরা জানতে পেরেছি, সৌদি আরব সময় রোববার দুপুরে এ ঘটনা ঘটেছে। তার মরদেহ দ্রুত দেশে আনতে এলাকার সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, বিষয়টি আপনার মাধ্যমে শুনেছি। খোঁজ-খবর নিয়ে আপনাকে জানাব। নিহতের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করব।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন