Logo

জাতীয়

ডিবি হারুনের আয়কর নথি জব্দের আদেশ

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৭:০৫

অ
ডিবি হারুনের আয়কর নথি জব্দের আদেশ

ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের আয়কর নথি জব্দ করার অনুমতি দেওয়া হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৮ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। আবেদনের ওপর আদালতে শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদিন আদালতে আবেদন করেন। 

আবেদনে তিনি বলেন, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) আসামি মোহাম্মদ হারুন অর রশীদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে  

তদন্তকালে তথ্য পাওয়া গেছে। আসামি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৭(১) ধারা ও ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে কর অঞ্চল-০৬, সার্কেল-১২৯, ঢাকার টিন নম্বর-৫১২১৪৭১১৩২৭০-এর সকল আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করা একান্ত প্রয়োজন।

আবেদনে তিনি দাবি করেন, আওয়ামী সরকারের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হারুন নামে-বেনামে রাজধানীতে দুই ডজন বাড়ি, অর্ধ-শতাধিক ফ্ল্যাট ও প্লটের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, দুবাইসহ বিভিন্ন জায়গায় সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ পেয়েছে দুদক।

গত বছরের ২২ অক্টোবর হারুন অর রশীদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

এর আগে হারুন ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছিল বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তার সম্পদের তথ্য খুঁজতে সরকারের ৬৩টি সংস্থায় চিঠি পাঠিয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশনও (দুদক)।

২০২২ সালের জুলাই থেকে ডিএমপির গোয়েন্দা সংস্থা (ডিবি ) প্রধানের দায়িত্ব পালন করেন হারুন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকেই তার কোনো সন্ধান নেই। 

এম এ জলিল উজ্জ্বল/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন