Logo

জাতীয়

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ২৩:৫৯

অ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় গত সোমবার বিকালে হুইলচেয়ারে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী তাকে ঘিরে ধরে উচ্চবাচ্য ও অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

ড. ইউনূসের সফরসঙ্গী ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং তার কোনো ক্ষতি হয়নি। 

এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে যুক্তরাষ্ট্রের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের তথ্য উপদেষ্টা। 

সর্বশেষ ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ১২ জন উপদেষ্টা। মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন তারা।

জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘটনাটিকে অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, ঘটনার দায় আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের ওপর চাপিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ নিয়ে নানামুখী প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরাও। 

জানা যায়, স্থানীয় সময় গত সোমবার বিকাল পৌনে ৪টায় বিমানবন্দর থেকে হুইল চেয়ারে বের হওয়ার সময় তোপের মুখে পড়েন এ নোবেলজয়ী।

এসময় পাশে লাগেজ হাতে ছিলেন অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন মুহম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে যান। তখন হুইল চেয়ার ঘুরিয়ে মুহাম্মদ ইউনূসকে টার্মিনালের ভিতরে নিয়ে যাওয়া হয়।

এসময় হেনস্তাকারীরা তার পিছে ছুটতে থাকেন; একজন চিৎকার করে বলতে থাকেন, ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ। ইউ টেররিস্ট! ইউ টেররিস্ট! ইউ টেররিস্ট, হোয়াই ইউ কাম হিয়ার?... হোয়াই ডিড ইউ অ্যারেস্ট টু হান্ড্রেড থাউজ্যান্ড... হি কিল্ড থাউজ্যান্ড অব পুলিশ ইন মাই কান্ট্রি। হি ডেস্ট্রয় দ্য ডেমোক্রেসি ইন মাই কান্ট্রি...।

এ ঘটনা নিয়ে নিউইয়র্কের বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের বক্তব্য জানা যায়নি। ঢাকায় ইউনূস সেন্টারের বক্তব্যও পাওয়া যায়নি। 

এদিকে ১১ থেকে ১৩ অক্টোবর বার্লিনে অনুষ্ঠেয় তিন দিনের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে মুহাম্মদ ইউনূসের যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন।

সম্মেলনে তার অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে ইউরোপপ্রবাসীদের কয়েকটি সংগঠনের আপত্তির পর তার এ সিদ্ধান্তের কথা জানা যায়।

সম্মেলনে মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণের বিষয়টি আয়োজকদের পক্ষ থেকেই জানানো হয়েছিল। তবে সম্মেলনের আগ মুহূর্তে বক্তার তালিকায় তার নাম আর দেখা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের কমিউনিকেশন টিমের পক্ষে আনা স্টোরমার জানান, স্বাস্থ্যগত কারণে মুহাম্মদ ইউনূস সম্মেলনে অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি: মুহাম্মদ ইউনূসের হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার বিকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে—এমন একটি গোষ্ঠীর সদস্যরা এ হয়রানির ঘটনায় জড়িত থাকতে পারেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা এবং ঘটনার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ: মুহাম্মদ ইউনূসকে হয়রানি ও হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার সরকারের ১২ জন উপদেষ্টা। মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন তারা।

বিবৃতিতে তারা বলেন, ‘সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে অব্যাহত হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং পরিকল্পিত আক্রমণের ঘটনায় আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি ও কঠোরতম নিন্দা জানাচ্ছি।’

বিবৃতিদাতারা হলেন সাবেক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সিআর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী ও সৈয়দা রিজওয়ানা হাসান।

আইনি পদক্ষেপ নেওয়া হবে-প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা: মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্পচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হওয়ার পর যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এ ক্ষেত্রেও তাই করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অভিযোগ নিয়ে প্রশ্ন করলে জাহেদ উর রহমান এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘অবশ্যই এই অপরাধ যারা করছেন, আমাদের অভিনেত্রী (আজমেরী হক বাঁধন) যে হেনস্তার শিকার হয়েছিলেন, তার পর থেকে যে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে, আমি সেটার ব্যাপারে জানি। সুতরাং এ ক্ষেত্রেও এটা হবে। বিদেশে বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলতে চাই, তারা যদি এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, এটা আনচ্যালেঞ্জ যাবে না, প্রশ্নই আসে না।’

উল্লেখ্য, গত মাসে ইতালিতে হেনস্তার শিকার হন অভিনেত্রী বাঁধন।

তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যে মর্যাদা (প্রটোকল) পাওয়ার কথা, তাতে কোনো ঘাটতি হয়েছে কি না, সেটা সরকার খতিয়ে দেখবে।

এমন আচরণ থেকে বিরত থাকতে হবে, বললেন তাহের: মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্ববাসীর কাছে সম্মানীয় নোবেল বিজয়ী ড. ইউনূসকে হেনস্তা করার মধ্য দিয়ে দেশের সব নাগরিক এবং রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে বাংলাদেশকে অপমানিত ও খাটো করা হয়েছে।

ড. ইউনূস ভালো আছেন, তার কোনো ক্ষতি হয়নি-লামিয়া মোরশেদ: ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার সফরসঙ্গী লামিয়া মোরশেদ। তিনি স্পষ্টভাবে বলেন, স্যারের কোনো ক্ষতি হয়নি, তিনি একদম ভালো আছেন।

মঙ্গলবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দুই শিশুর সঙ্গে ড. ইউনূসের একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে এসব কথা জানান ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক ও সাবেক অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

ফেসবুক পোস্টে লামিয়া মোরশেদ উল্লেখ করেন, জেএফকে বিমানবন্দরে ওই বর্বর লোকগুলো উনাকে ঘিরে ধরার কয়েক মিনিট আগেই আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো পথজুড়েই ভালোবাসা ও সম্মান ছিল। তিনি একদম ভালো আছেন।

তিনি আরও বলেন, ওই লোকগুলোর চরম বর্বরতা এবং তারা আসলে কতটা হীন—সেটাই এ ঘটনায় আবারও প্রকাশ পেয়েছে। এতে স্যারের কোনো ক্ষতি হয়নি। এ সময় দুঃসময়ে যারা পাশে দাঁড়িয়ে বার্তা পাঠিয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা-আসিফ নজরুল: মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ জানান। তিনি লেখেন, ‘হুইলচেয়ারে একা একটা মানুষ। তার সামনে হঠাৎ এসে চিৎকার করে টেররিস্ট, ট্রেইটর বলে দিলেন, আর তার মান-সম্মান চলে গেল! কী হাস্যকর আত্মসন্তুষ্টি, কী অসুস্থ চিন্তা! 

হেনস্তার দায় হাসিনার ওপর দিলেন শফিকুর: মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার নিন্দা জানিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

স্ট্যাটাসে জামায়াত আমির ড. ইউনূসকে হেনস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে লিখেছেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।

আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত করেছে-নাহিদ ইসলাম: মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অধ্যাপক ইউনূসকে হেনস্তার চেষ্টা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে উন্মোচিত করেছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাহিদ ইসলাম এসব কথা বলেছেন। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন