সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পনা চূড়ান্ত : রিজওয়ানা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:২৫
ছবি : সংগৃহীত
সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সোয়াচ অফ নো-গ্রাউন্ড মেরিন প্রটেক্টেড এরিয়ার (SONG-MPA) ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। পরিকল্পনাটি ডলফিন, তিমি, হাঙ্গর, শাপলাপাতা মাছ এবং সামুদ্রিক কাছিমসহ বিপন্ন সামুদ্রিক প্রাণী ও তাদের বাসস্থান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (৮ জানুয়ারি) সোয়াচ অফ নো-গ্রাউন্ড মেরিন প্রটেক্টেড এরিয়ার (SONG-MPA) সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল সভায় তিনি এসব কথা জানান।
তিনি বলেন, ‘পরিকল্পনার মাধ্যমে টেকসই মৎস্য আহরণ, সুনীল অর্থনীতি বিকাশ এবং উপকূলীয় জনগণের জীবিকা রক্ষা সম্ভব হবে।’
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এটি শুধু সামুদ্রিক প্রাণীদের সংরক্ষণ নয়, বরং অর্থনৈতিক সম্ভাবনাগুলোও উন্মোচিত করবে। পরিকল্পনায় মৎস্য আহরণ, দূষণ নিয়ন্ত্রণ, পর্যটন ব্যবস্থাপনা এবং জাহাজ চলাচলের ওপর সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’
সোয়াচ অফ নো-গ্রাউন্ডের সংরক্ষিত এলাকার পরিধি ১,৭৩৮ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে ৬,৮৬৬ বর্গকিলোমিটার করার প্রস্তাব রাখা হয়েছে বলেও জানান তিনি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘এই ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হলে, এটি শুধুমাত্র সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় নয়, বরং আমাদের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে।’
সভার প্রধান আলোচক ওয়ার্ল্ড কনজারভেশন সোসাইটির সিনিয়র এডভাইজার ড. সৈয়দ আরিফ আজাদ বলেন, ‘উদ্যোগটি সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে সুনীল অর্থনীতির অবদান বৃদ্ধি করবে।’
পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ সভায় বলেন, ‘এটি কেবল পরিবেশ রক্ষার একটি উদ্যোগ নয়, বরং আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সভায় উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, যুগ্মসচিব (বন) শামিমা বেগম এবং সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায়।
এনএমএম/এমজে

