Logo

জাতীয়

ফায়ার সার্ভিসের মহাপরিচালকের

শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৮:২৫

অ
শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান

ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সাথে শৃঙ্খলা ও সেবাকাজের গুণগত মান ধরে রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

তিনি রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে এ আহ্বান জানান।

সকালে দরবার অনুষ্ঠানে এসে উপস্থিত হলে মহাপরিচালক সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে দরবার হস্থান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ।

এরপর মহাপরিচালক মহোদয় তার দরবার গ্রহণ শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করায় সাবেক সকল মহাপরিচালক ও কর্মকর্তাদের এবং অপারেশনাল কাজে আত্মদানকারী সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো সেবাধর্মী প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি তার কর্মজীবন হতে লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ফায়ার সার্ভিসের উন্নয়নে কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। দরবারে ফায়ার সার্ভিসের অপারেশনাল কাজ ও সার্বিক মানোন্নয়নে তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সকলকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সাথে শৃঙ্খলা ও সেবার মান বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি বলেন, বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। প্রতিটি সদস্যের তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি অপারেশনাল কাজে ফায়ারফাইটারদের আন্তরিকতার প্রশংসা করেন এবং তাদের পেশাদারিত্বের সাথে অপারেশনাল কাজে নিয়োজিত থাকার ধারাবাহিকতা বজায় রাখতে আহ্বান জানান।

এরপর তিনি দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন মতামত ধৈর্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পর্যায়ক্রমে তিনি যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার জন্য আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন। বেলা ১২টায় দরবার অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন