Logo

জাতীয়

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২০২৬ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ২৩:২৫

অ
ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২০২৬ কাফেলার আনুষ্ঠানিক শুভযাত্রা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অডিটোরিয়ামে মঙ্গলবার (৩ নভেম্বর) পবিত্র ওমরাহ্-২০২৬ পালনের লক্ষ্যে মনোনীত কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মাঝে ভিসা, বিমান টিকিট ও বিশেষ উপহারসামগ্রী বিতরণ এবং যাত্রার প্রারম্ভে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গুরুত্বপূর্ণ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ৩ জন কর্মকর্তা ও ১৯ জন সদস্যসহ মোট ২২ জনের হাতে ভিসা,বিমান টিকিট ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় তিনি ওমরাহ্ কাফেলার সদস্যদের সুস্বাস্থ্য ও নিরাপদ যাত্রা কামনা করেন এবং পবিত্র ওমরাহ্ যথাযথ নিয়মনীতি ও শৃঙ্খলার সঙ্গে পালনের পাশাপাশি দেশের ও বাহিনীর কল্যাণে দোয়া করার দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, পবিত্র হজ্ব ও ওমরাহ পালনের জন্য তারুণ্যই উপযুক্ত সময়। জীবনের শুরুতেই ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির চর্চা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। আর সব সংস্কারের মূল ভিত্তি হলো মানসিকতার সংস্কার। তাই প্রত্যেককে ইতিবাচক মানসিকতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্ব পালনে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল, জনসম্পৃক্ত ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। পবিত্র ওমরাহ থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধ যেন সদস্যদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও প্রতিফলিত হয়।

সফরসংশ্লিষ্ট দিকনির্দেশনা প্রদানকালে মহাপরিচালক মনোনীত সদস্যদের যথাযথ মর্যাদা ও শৃঙ্খলা বজায় রেখে চলার আহ্বান জানান। তিনি সফরকালে পারস্পরিক সহযোগিতা, দলীয় শৃঙ্খলা, ব্যক্তিগত নিরাপত্তা এবং বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ সহযাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি সফর সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করে সতর্কতার সঙ্গে সফর সম্পন্ন করার পরামর্শ দেন। তিনি পবিত্র ভূমিতে দেশ, জাতি ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।

পবিত্র ওমরাহ্-২০২৬ পালনের জন্য মনোনীত সদস্যদের প্রতি বাহিনীর এই বিশেষ উদ্যোগ তাদের পেশাগত নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি বহন করে। মহাপরিচালকের আন্তরিক শুভেচ্ছা ও দিকনির্দেশনা তাদের মনোবলকে আরও জোরদার করবে। আশা করা যায়, ওমরাহ্ পালনের মাধ্যমে সদস্যরা আত্মশুদ্ধি ও নতুন অনুপ্রেরণা লাভ করে ভবিষ্যতে কর্মক্ষেত্রে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

উক্ত অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন